রাজধানীর গেন্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ঘটনায় তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ গুন্টিঘর রেলগেট এলাকায় ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আগ্নেয়াস্ত্র হাতে একটি মাদকবিরোধী অভিযানে নামেন। তাঁর ও তাঁর সঙ্গে থাকা লোকজনের অস্ত্র উঁচিয়ে অভিযান চালানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
সরকার ও দলীয় সূত্রে জানা যায়, রবিবার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী ইশরাককে ডেকে পাঠান এবং তাঁকে পদত্যাগ করার এই নির্দেশ দেন। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে ইশরাক হোসেন দাবি করেন, তিনি আত্মরক্ষার জন্যই কেবল লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রটি অল্প সময়ের জন্য উঁচিয়ে ধরেছিলেন। সম্ভাব্য হামলার আশঙ্কায় আইনগত সীমার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে তাঁর দাবি।
এদিকে ঘটনাটি তদন্ত করার জন্য ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনারকে দায়িত্ব দিয়েছে। আইনগত কোনো ব্যত্যয় ঘটেছে কি না, তা খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।