দেশের বিভিন্ন খাতের অব্যবস্থাপনা ও অনিয়মের কড়া সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বর্তমানে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে সারের ডিলারশিপেও স্বজনপ্রীতি চলছে। এমপির ছেলে, মেয়ে থেকে শুরু করে শ্যালিকা পর্যন্ত ডিলারশিপ বাগিয়ে নিচ্ছে। ভবিষ্যতে যদি সরকার বিধবা কার্ড বা এ ধরনের কোনো সহায়তা কর্মসূচি হাতে নেয়, তবে দেখা যাবে এমপির স্ত্রীও সবার আগে সেই কার্ড পাওয়ার জন্য দৌড় শুরু করেছেন।
সোমবার (১২ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়া দুর্নীতির চিত্র তুলে ধরে তিনি বলেন, “কিছুদিন আগে একটি নিয়োগপ্রক্রিয়ার মতো করেই সারের ডিলার চূড়ান্ত করা হয়েছে। সেখানে দেখা গেছে এমপির ছেলে ডিলার হয়েছে, মেয়ে পেয়েছে, শ্যালিকাও বাদ যায়নি। এমনকি যদি বিধবা কার্ড বা ভাতার ব্যবস্থা করা হয়, তবে সেটির জন্যও এমপির বউ সবার আগে গিয়ে বলবে—আমাকে একটি কার্ড দিন।”
চুয়েটের উপাচার্যের প্রসঙ্গ টেনে ক্ষোভ প্রকাশ করে এই যুবনেতা বলেন, শিক্ষক-শিক্ষার্থীরা কাউকে জোর করে কোনো পদে টিকিয়ে রাখতে চায় না। অথচ জোরপূর্বক কিছু ছাত্রদল নেতাকর্মীকে সঙ্গে নিয়ে পদ দখল করে রাখার চেষ্টা চলছে। ন্যূনতম ব্যক্তিত্ব বা লজ্জাবোধ বিসর্জন দিয়ে তারা দেশকে আবার পেছনের দিকে নিয়ে যেতে চাইছে।
অনুষ্ঠানে উপস্থিত তরুণ ও শিক্ষার্থীদের সমাজ ও রাষ্ট্রের এসব অসংগতির বিরুদ্ধে সর্বদা সজাগ ও প্রতিবাদী থাকার আহ্বান জানান তিনি।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন, এনসিপির জেলা আহ্বায়ক জুবায়ের সরদার ও মহানগর শাখার আহ্বায়ক শওকত আলী প্রমুখ।