নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শিয়াচর এলাকার জাকিরের ছেলে, ধনিয়া কলেজের ছাত্রলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শুভ ও তাঁর ছোট ভাই ছাত্রলীগকর্মী শিমুলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন আত্মগোপনে থাকা ও কারাভোগের পর সম্প্রতি তাঁরা এলাকায় বিস্তারের চেষ্টা করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিয়াচর এলাকার বাসিন্দা জাকিরের ছেলে শুভ ও তাঁর ছোট ভাই শিমুল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাদের বাবা জাকিরও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অভিযোগ রয়েছে, তাঁরা এলাকায় চাঁদাবাজি, দখলবাজি, মাদক ব্যবসা ও বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকা-ের সঙ্গে জড়িত ছিলেন। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।
এলাকাবাসীর ভাষ্যমতে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় (এফআইআর নম্বর ৩৮/৬/২০২৬) গত ২ আগস্ট শুভ ও তাঁর ছোট ভাই শিমুলকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। প্রায় এক মাস কারাভোগের পর তাঁরা জামিনে মুক্তি পান। তাঁদের বাবা জাকির শ্রমিক দলের নেতা হিসেবে পরিচয় দেন বলে দাবি করেছেন স্থানীয়দের কেউ কেউ। জামিনে মুক্তির পর শুভ ও শিমুলের কর্মকা- নিয়ে এলাকায় নতুন করে অভিযোগ উঠেছে। এ ছাড়া সম্প্রতি শিয়াচর এলাকার কাউসারের গ্যারেজের পেছনে বিভিন্ন সময়ে গভীর রাত পর্যন্ত কয়েকজন রাজনৈতিক কর্মী ও স্থানীয় প্রভাবশালীদের নিয়ে গোপন বৈঠক অনুষ্ঠিত হতে দেখা গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সচেতন মহলের দাবি, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর শুভ ও শিমুল দীর্ঘদিন এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তাঁরা এলাকায় ফিরে পুরোনো সহযোগীদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
এদিকে, স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এবং সংঘাতের আশঙ্কা দেখা দিতে পারে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।