বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে করা একটি বিতর্কিত পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। তবে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে নারীদের অবমাননাকর বক্তব্য রয়েছে বলে অভিযোগ ওঠে। পোস্টটিতে বলা হয়, আধুনিকতার নামে নারীদের ঘরের বাইরে নিয়ে যাওয়ার ফলে তারা শোষণ ও নিরাপত্তাহীনতার শিকার হয়, যা পতিতাবৃত্তির সঙ্গে তুলনা করা হয়েছে।
এই পোস্ট দ্রুত ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ঘটনার পর শনিবার রাতেই জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম জানান, ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়েছিল।

সিরাজুল ইসলাম বলেন, “উক্ত ঘটনার পরপরই আমাদের সাইবার টিম আইডি উদ্ধারের কাজ শুরু করে। বিকেল পাঁচটার কিছু পর অ্যাকাউন্টটি পুনরুদ্ধার সম্ভব হয় এবং বিতর্কিত পোস্টটি তাৎক্ষনিক সরিয়ে ফেলা হয়।”
তবে পোস্টটি নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সিরাজুল ইসলাম আরও জানান, অপপ্রচার বন্ধ ও আইনি সুরক্ষার জন্য প্রশাসনের সহযোগিতা চেয়ে হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সিরাজুল ইসলাম দাবি করেন, নারীদের অবমাননাকর ওই বক্তব্য জামায়াত আমিরের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি কিংবা রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
সিরাজুল ইসলাম এর ভাষায়, “জামায়াতে ইসলামী এর ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও জনসমর্থন দেখে একটি গুপ্ত মহল ঈর্ষান্বিত হয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।”
অ্যাকাউন্ট হ্যাকের দাবি ও পোস্ট অপসারণের পরও বিষয়টি নিয়ে অনলাইনে আলোচনা অব্যাহত রয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, পুরো ঘটনা নিয়ে আরও স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।